কেশবপুরে অনুমোদনহীন বীজ বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:যশোরের কেশবপুরে অনুমোদনবিহীন ডাটা বীজ বিক্রির অপরাধে বৃহস্পতিবার দুপুরে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুরের আলতাপোল গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস গাজী শহরের চার আনি বাজারের ওদুদ বীজ ভান্ডার নামক দোকান থেকে ডাটা বীজ কিনে ক্ষেতে বপন করলে বীজ থেকে চারা গজানোর এক মাসের মধ্যেই গাছে ফুল আসায় ডাটা বিক্রি করতে না পেরে ক্ষতির মুখে পড়েছেন উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। বৃহস্পতিবার দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনাকালে বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক অনুমোদনবিহীন ডাটা বীজ বিক্রির অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে ১০ হাজার টাকা জরিমানা করাসহ ৭৫০ গ্রাম ডাটা বীজ জব্দ করেন।
