যশোরে মনিরামপুর সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৪ জনের জানাজা একসঙ্গে
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার
যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলায় মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বেগারিতলায় কাভার্ডভ্যানের চাপায় নিহত পাঁচজনের মধ্যে বাবা-ছেলেসহ একই গ্রামের চারজনের জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় স্থানীয় টুনিয়াঘরা ঈদগাহ মাঠে নিহতদের জানাজা সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদেরকে দাফন করা হয়। নিহতরা হলেন- মনিরামপুরের ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার শিশুপুত্র তাওসিন হোসেন (৬), মীর বাবুর ছেলে তৌহিদুল ইসলাম (৩৮) ও মীর রফিজ উদ্দীনের ছেলে শামছুর রহমান (৬০)। নিহতদের জানাজায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনসহ অসংখ্য মানুষ অংশ নেন। স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান পাপ্পু জানান, তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিহতদের স্বজনদের সঙ্গে ছিলেন। হাসপাতালে সব প্রক্রিয়া শেষ করে মরদেহ বাড়িতে আনা হয়। রাত সাড়ে ৮টায় স্থানীয় টুনিয়াঘরা ঈদগাহ ময়দানে নিহত চারজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। অন্যদিকে, এ দুর্ঘটনায় নিহত অপরজন জিয়াউর রহমানের (৩৫) জানাজা তার নিজ গ্রাম জয়পুরে সম্পন্ন হয়েছে। এর আগে এদিন সকালে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান যশোর-মনিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে ধাক্কা দেয়। এতে পাঁচজন ঘটনা স্থলে নিহত হয়েছেন।
