প্রিয়নবীর মর্যাদা রক্ষার চেয়ে আমাদের জীবনে বড় কোনো ইস্যু নেই
হাফেজ মাওলানা মোঃ মাছুম বিল্লাহ--------------------------------------------------------------
গত সপ্তাহে উত্তর প্রদেশের কানপুরে মোদির দল বিজেপি’র মুখপাত্র মোদীর খুব কাছের ব্যক্তি নূপুর শর্মা এক টিভি বিতর্কে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রা.-এর বিয়ে নিয়ে জঘন্য অবমাননাকর মন্তব্য করে। তাকে সমর্থন করে টুইটারে মন্তব্য করে দলটির মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল।
এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে কানপুরের মুসলিম সমাজ। শুক্রবার দিন তারা ধর্মঘটের ডাক দেয়। জুমার পর রক্তক্ষয়ী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পুলিশ মুসলিম বিক্ষোভকারীদের বেদম প্রহার ও লাঠিচার্জ করে। গ্রেফতার করে ২০ জনকে। মামলা করে হাজার হাজার অজ্ঞাত বিক্ষোভকারীর বিরুদ্ধে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে ঘটনা তীব্র ক্ষোভের সঞ্চার করে সারা দুনিয়ায়। বিভিন্ন দেশে নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি তোলা হয় ভারতীয় দূতকে প্রত্যাহার এবং ইন্ডিয়ান পণ্য বয়কটের।
কুয়েত, কাতার ও ইরান তাদের দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে এবং রাষ্ট্রীয় প্রতিবাদী স্মারকলিপি তুলে দিয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রণালয়ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। ইরামাতে ইসলামিয়া আফগানিস্তান শক্ত প্রতিবাদ জানিয়ে দাবি করেছে যেন এ ধরনের অপরাধীকে ক্ষমা না করা হয়। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। ওআইসিও প্রতিবাদ জানিয়েছে।
টুইটারে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিরুদ্ধে বিশ্বের সব বড় বড় স্কলার তীব্র প্রতিবাদ জানিয়ে নিজ নিজ দেশ থেকে ভারতীয় রাষ্ট্রদূত প্রত্যাহার এবং ইন্ডিয়ান পণ্য বয়কটের ডাক দিচ্ছেন। সময়ের অন্যতম শ্রেষ্ঠ আলেম শায়খ মুহাম্মদ হাসান আদ-দাদো, জনপ্রিয় দাঈ ও বক্তা শায়খ মাহমুদ হাসানাতসহ অনেক আলেম অনবরত লিখে যাচ্ছেন : 'প্রিয়নবীর মর্যাদা রক্ষার চেয়ে আমাদের জীবনে বড় কোনো ইস্যু নেই।'
ওমানের গ্রান্ড মুফতি, মিশরের শাইখুল আযহার এবং লিবিয়ার রাষ্ট্রীয় ফতোয়া বোর্ড ফতোয়া জারি করেছেন- পণ্য বর্জনের মাধ্যমে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর পাশে দাঁড়ানো এসময় পুরো উম্মাহর ওপর ফরজ। হারামাইন শরিফাইনের প্রধান শায়খ ড. আব্দুর রহমান সুদাইসও কঠোর ভাষায় এর নিন্দা জানিয়েছেন। আজ সৌদির সর্বোচ্চ উলামা কাউন্সিলও এর নিন্দা জানিয়েছে।
আশ্চর্যের বিষয় হলো, আরব ও আন্তর্জাতিক মিডিয়াগুলোতে এ ইস্যু তোলপাড় সৃষ্টি করলেও বঙ্গীয় মিডিয়া এ ব্যাপারে একেবারে নীরব! এমনকি ইসলামপন্থী মিডিয়াগুলোও সরব নয়! এ ক্ষেত্রে
আমাদের কারো ভূমিকাই সন্তোষজনক নয়।
ইতোমধ্যে আরবের বিভিন্ন সুপারমল নোটিশ দিয়ে ইন্ডিয়ান পণ্য তুলে নিয়েছে। জনগণ সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। আসুন আমরাও নিজ নিজ অবস্থান থেকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষায় পণ্য বয়কট ও রাষ্ট্রীয় প্রতিবাদের আওয়াজ তুলি। এ ইস্যুতে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। কীভাবে আমরা কিয়ামত দিবসে তাঁর সামনে দাঁড়াব যদি আজ না দাঁড়াতে পারি তাঁর ইজ্জত রক্ষায়?
লেখক
হাফেজ মাওলানা মোঃ মাছুম বিল্লাহ
মোহতামীম মদিনাতুল উলুম কওমী মাদ্রাসা রুদাঘরা ডুমুরিয়া খুলনা।
