#https://www.youtube.com/@mntvjashore3078

কেন্দুয়ায় এ কেমন শত্রুতা দুই ব্যবসায়ীর ৩শত হাঁস নিধনের অভিযোগ

 কেন্দুয়ায় এ কেমন শত্রুতা দুই ব্যবসায়ীর ৩শত  হাঁস নিধনের অভিযোগ  



লাভলী আক্তার, কেন্দুয়া প্রতিনিধিঃ


শত্রুতার জের ধরে বিষ (কীটনাশক) মেশানো গম দিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দরিদ্র দুই হাঁস ব্যবসায়ীর ৪শত হাঁসের মধ্যে ৩শত হাঁস নিধন করার ঘটনা ঘটেছে।


রোববার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা বাজার সংলগ্ন আমবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে।


এছাড়া জীবিত অন্য ১শত হাঁসের অবস্থাও আশঙ্কাজনক। সেগুলো ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।


ক্ষতিগ্রস্ত ওই দুই দরিদ্র হাঁস ব্যবসায়ী হলেন, মাসকা পশ্চিমপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে সেকান্দর মিয়া ও মৃত হাসেম মিয়ার ছেলে সুলেমান মিয়া।


এ ঘটনায় একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বাদল মিয়া ও মৃত জুবেদ আলীর ছেলে বাক্কী মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হচ্ছে বলে জানান ক্ষতিগস্ত হাসঁ মালিকরা।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এক সময় বাদল মিয়া ও বাক্কী মিয়ার সাথে শেয়ারে হাঁস কেনা বেচার ব্যবসা করতেন সেকান্দর ও সুলেমান। এক পর্যায়ে তাদের সাথে বনিবনা না হওয়ায় ব্যবসা থেকে বাদল ও বাক্কী মিয়াকে সরিয়ে দেন। এরই জের ধরে তারা দীর্ঘদিন ধরে সেকান্দর ও সুলেমানের ক্ষতিসাধনের পাঁয়তারা  করে আসছিল। 


এদিকে রোববার সকালে আমবাগান এলাকায় ভাড়া নেওয়া ঘরে থাকা ৪শত হাঁস প্রতিদিনের মতো খাবার খাওয়াতে বের করেন সেকান্দর ও সুলেমান। হাঁসগুলো ঘর থেকে বের হয়ে সামনে পতিত জায়গায় বিষ মেশানো গম পড়ে থাকতে দেখে তা খেয়ে ফেলে। পরে পানি খাওয়ার জন্য পাশের পুকুরে নামতেই একে একে সবগুলো হাঁস মরতে শুরু করে। এ সময় হাঁসের মালিক ও স্থানীয় লোকজন গিয়ে বিষ মাখানো গম পড়ে থাকতে দেখেন। 


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেকান্দর মিয়া ও সুলেমান মিয়া জানান, বাক্কীর পরামর্শে বাদল মিয়া মাসকা বাজারের এক কীটনাশকের দোকান থেকে বিষ মেশানো গম কিনে এনে আমাদের হাঁসগুলো যে পুকুরে নিয়মিত খায় সেই পুকুরের পাড়ে ফেলে রাখে। আমাদের কাছে এর তথ্য প্রমাণও রয়েছে। আমরা এ ঘটনার উপযুক্ত বিচার চাই। ঋণের টাকায় তারা হাঁস কেনা বেচার ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু বিষ প্রয়োগে হাঁসগুলো মেরে ফেলায় এখন তারা দিশেহারা হয়ে পড়েছেন বলেও জানান এই দুই ব্যবসায়ী।


ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। তার সাথে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন।


এসআই মোহাম্মদ আলী আরো বলেন, বিষ মেশানো গম খেয়েই হাঁসগুলোর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


স্থানীয় মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুছ ছালাম বাঙ্গালী বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। গরীব এই ব্যবসায়ীদের হাঁসগুলো বিষ দিয়ে মেরে ফেলাটা জঘন্যতম অন্যায় কাজ হয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানাচ্ছি।

Post a Comment

Previous Post Next Post