খুলনায় পিতা-পুত্র হত্যার দায়ে ইউপি চেয়ারম্যান সহ ১৭ জনের যাবজ্জীবন
খুলনার তেরখাদায় হিরু শেখ ও তার ছেলে নাঈম শেখ হত্যা মামলায় তেরোখাদার ছাগলাদাহ ইউনিয়নের চেয়ারম্যান এস এম দ্বীন ইসলামসহ ১৭ জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত । একই সাথে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।
এ মামলার অপর দুই আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কোন অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে খালাস দিয়েছে আদালত। খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো: নজরুল ইসলাম হাওলাদার আজ রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে, শেখ আব্দুর রহমান (৫৫), জমির শেখ ( ২৫ ), শেখ সাইফুল ইসলাম (৩৫), খালিদ শেখ (৩২), এস্কেন্দার শেখ (৪২), জসিম শেখ (৩৫), হোসেন শেখ (৩০), জিয়ারুল শেখ ( ২৬ ), বাহারুল শেখ ( ২৪ ), আব্বাস শেখ (২৪), অহিদুল গাজী ( ৩৪ ), তেরোখাদার ছাগলাদাহ ইউনিয়নের চেয়ারম্যান এস এম দ্বীন ইসলাম ( ৫৪), খায়রুল শেখ ( ৩৫ ), কেরামত মল্লিক ( ৩৫ ), মাহবুব শেখ (৪৯), বাবু শেখ ( ৩৫ ), নুর ইসলাম শেখ (৩৭ )। খালাসপ্রাপ্ত দুই আসামি হলেন আবু সাইদ বিশ্বাস (৩৫) ও আয়েব শেখ (৫০)। রায় ঘোষণার পর আসামিদেরকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালতের পিপি অ্যাডভোকেট মোঃ আহাদুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৯ সালের ৬ আগস্ট গভীর রাতে তেরখাদা উপজেলার পহরডাঙ্গা গ্রামে দুর্বৃত্তরা নাঈম শেখকে কুপিয়ে হত্যা ও তার বাবা হিরু শেখকে কুপিয়ে আহত করে। ৮ আগস্ট নাঈমের মা মাহফুজা বেগম বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ১০/১২ জনকে আসামি করে খুলনার তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন। আহত হিরু শেখ ২১ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এস আই মুক্ত রায় চৌধুরী আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার ৩৪ জন সাক্ষ্য প্রদান করেছেন।
